জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. পাগলা হযরত (২৫) নামে একজন মারা গেছেন। তিনি আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, ঘটনার আগের দিন বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে পাগলা হযরতের সঙ্গে রহিদুর মিয়ার (৪০) কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় একাধিকবার আঘাত করেন। আহত অবস্থায় পাগলা হযরতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
নিহত পাগলা হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার একটি মামলায় আসামি ছিলেন। অপর হাজতি রহিদুর মিয়া বকশীগঞ্জের কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের সন্তান।
জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পাগলা হযরতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে আটক রয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি