চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর কোতোয়ালী থানার কাছাকাছি, চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. ইসমাইল (৩৫) নামের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাসায় ফেরার পথে খুন হন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে দিশেহারা তার স্ত্রী নাহিদা সুলতানা। লক্ষ্মীপুরের বাসিন্দা ইসমাইল পরিবার নিয়ে ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের দুই সন্তানের মধ্যে ছেলে তায়িফের বয়স ৯ বছর, মেয়ে তায়িফার বয়স ৩ বছর।
নাহিদা সুলতানা বলেন, “অসুস্থ হয়ে মারা গেলে বুঝতে পারতাম, কিন্তু থানার পাশে কীভাবে মানুষ খুন হল? লাশ দেখে দুই সন্তান বারবার প্রশ্ন করছে, উত্তর দিতে পারছি না।”
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ইসমাইল নিয়মিত লালদীঘির পাড় ও পুরোনো গির্জা এলাকায় চা বিক্রি করতেন। ওই রাত আড়াইটার দিকে সাইকেলে ফিরিঙ্গিবাজারের দিকে ফেরার পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনাস্থলটি জেলা পরিষদ ভবনের বিপরীতে, পুলিশের নতুন সদর দপ্তর নির্মাণাধীন ভবনের পাশেই। তবুও এমন ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পরিবারের সবাই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা