| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাস সংকট

দুই বছর ধরে বন্ধ যমুনা ফার্টিলাইজার: ইউরিয়া সংকটে ১৬ জেলার কৃষক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১১:০১:৪০:পূর্বাহ্ন  |  ১২০৬৯৬০ বার পঠিত
দুই বছর ধরে বন্ধ যমুনা ফার্টিলাইজার: ইউরিয়া সংকটে ১৬ জেলার কৃষক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কারখানা। দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গ্যাস সংকটের কারণে ২৩ মাস ধরে বন্ধ আছে। এতে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি টাকা লোকসান হচ্ছে।

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। ফলে ইরি-বোরো মৌসুমে ইউরিয়া সার সংকটের আশঙ্কা দেখা দিয়েছে যমুনার উপর নির্ভরশীল ১৬ জেলার লাখ লাখ কৃষকের মধ্যে।

দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকায় শ্রমিক ও পরিবহন খাতের হাজার হাজার কর্মীও মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানাটি চালু করলে শ্রমিকদের স্বচ্ছলতা ফিরবে এবং ১৬ জেলার কৃষকের আশঙ্কাও দূর হবে।

১৯৯১ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত যমুনা ফার্টিলাইজার কারখানা ২৪ ঘণ্টায় এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদন করে। ইউরিয়া উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন।

২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাস কোম্পানি লিমিটেড গ্যাস সংযোগ বন্ধ করলে উৎপাদন স্থগিত হয়। ফলে শ্রমিক-কর্মচারী, পরিবহন চালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ.এল.এস. রেজুয়ান জানান, যমুনা সার গুণগত মানের দিক থেকে ভালো। কৃষকরা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। উৎপাদন বন্ধ থাকায় দেশ থেকে চড়া মূল্যে সার আমদানি করতে হচ্ছে। তবে আমদানিকৃত সার দীর্ঘদিন মজুদ থাকায় তার গুণগত মানও কমছে।

২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ পেয়ে কারখানাটি উৎপাদনে ফেরলেও চার দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় উৎপাদন বন্ধ হয়। স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে কারখানাটি এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

বিসিআইসি চেয়ারম্যান ফজলুর রহমান ১৫ আগস্ট কারখানা পরিদর্শনকালে দ্রুত গ্যাস সংযোগের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের চার মাস পরও কারখানা চালু হয়নি।

যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, “প্রায় দুই বছর ধরে কারখানা বন্ধ। এতে ডিলাররা আমদানিকৃত সার বিক্রি করছেন। আমরা একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।”

বিসিআইসি ব্যবস্থাপক (বাণিজ্যিক) এসএম আব্দুল্লাহ আল মাসুদ জানান, গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪