কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে জনি (৩০) নামে এক যুবককে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক চোরাকারবারীরা। শনিবার(২৯ নভেম্বর) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান ও আমিরুল ইসলাম সুমনের লেবার হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি।
মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী সোহান ও সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়।এসময় হামলকারীরা জনিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।