ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।
প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ এবং বিশেষ প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বহু ধর্মপ্রাণ নাগরিক অংশগ্রহণ করেন এবং একক ও সমষ্টিগতভাবে প্রার্থনায় যোগ দেন।
এ সময় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক দিবস দেবনাথ ও প্রদীপ রায়, জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন