ঝিনাইদহ প্রতিনিধি: খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেন।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলার শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, হরিণাকুন্ডু উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ (চাঁন), শৈলকুপা উপজেলা শাখার সভাপতি বাবুল আক্তার, মহেশপুর শাখার সভাপতি উজ্জল হোসেন, কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবাইদুল মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন হিসেবে টি.ও লাইসেন্স প্রদান করা হয়। কিন্তু ২০২৫ সালে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করা হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের মার্চ মাসে এ সুবিধা স্থগিতের নির্দেশনা জারি হয়েছে। এর ফলে খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বক্তারা ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসএন