ঝিনাইদহ প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। সেসময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তাদের দাবি মানা হচ্ছে না। তাই দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। সকাল থেকেই ফার্মেসি ও প্যাথলজির সামনে তাদের অপেক্ষা করতে দেখা গেছে।
জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলার সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালগুলোতে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন