কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ৪ কেজি আইস ও ১ লাখ ইয়াবা রাখার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকসুর ছেলে আবদুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৬ জুন হ্নীলা ইউনিয়নে মিয়ানমারের শূন্য রেখা অতিক্রম করে আসা কয়েকজনকে থামানোর চেষ্টা করলে বিজিবি সদস্যদের দেখে তারা দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় আবদুর রহমান ও মোহাম্মদ নুরকে আটক করে বিজিবি। উদ্ধার করা বস্তা থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ও ৩ কোটি টাকা।
ঘটনার পর টেকনাফ বিজিবির নায়েক মো. আনোয়ারুল হক বাদী হয়ে ছয়জনকে আসামি করে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিচারের জন্য ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত। এরপর সাক্ষ্যগ্রহণ, জেরা, আলামত উপস্থাপন, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা এবং যুক্তিতর্কসহ সব প্রক্রিয়া শেষে রোববার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।
রায়ে বিচারক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(গ) সারণি অনুযায়ী দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন।
রিপোর্টার্স২৪/এসসি