চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, উদ্দেশ্য একটাই—আমরা সমস্যার সমাধান করবো। জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে। শহরকে সিসিটিভির আওতায় আনা হবে অতিসত্বর।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবাগত এসপি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ডাকাতির তুলনায় চুরির ঘটনা উদ্ঘাটন করা অনেক কঠিন কাজ। তবে যেসব ঘটনা ঘটছে, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসপি আরও বলেন, আমি কোনো কাজে বিরক্তবোধ করবো না। তবে কোনো তথ্য দেওয়ার আগে অবশ্যই যাচাই–বাছাই করে দেবেন। দ্রুত রেসপন্স নিশ্চিত করতে প্রতিটি থানার সামনে আমাদের নম্বরসহ বোর্ড থাকবে। তাৎক্ষণিক পুলিশ সেবা পৌঁছে দিতে আমরা যথাযথভাবে কাজ করবো।
পুলিশ সুপার বলেন, জনগণ সহযোগিতা করলে পুলিশের কাজ সহজ হবে। আমাদের কাজ হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে চলা। জনগণই পুলিশের আসল শক্তি। যেসব বিষয় সামনে আসছে, সেসব বিষয়ে আমরা কাজ করবো। চাঁদপুরের মানুষকে শান্তিতে রাখতে আপনাদের পরামর্শ কাজে লাগবে। আপনাদের যেকোনো ডাকে আমরা সাড়া দেবো।
এসপি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করা দরকার আমরা করবো। ইনশাআল্লাহ, দৃশ্যমান কিছু পরিবর্তন দেখা যাবে। আপনারা এসে বুঝিয়েছেন যে আপনারা আমার আপনজন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া নুর, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
রিপোর্টার্স২৪/এসএন