নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের উপর হামলার বিচারের দাবিতে কর্মসূচির ব্যানার ছিঁড়ে এক যুবক আটক হয়েছেন। পরে শহীদ মিনারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রোববার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।
বেলা সোয়া চারটার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজনে মাজারে হামলা ও বাউলদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ শুরু হয়।
এতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।
ওসি নছির আহমদ বলেন, সংঘাতের আশঙ্কা থাকায় ফোর্স নিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। এছাড়াও র্যাব ১১ এর সদস্যদেরকে সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে অবস্থান নিতে দেখা যায়।
রিপোর্টার্স২৪/মিতু