রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন মো: মোয়াজ্জেম, রাকিব এবং সেলিম।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
ওসি কানন সরকার বলেন, শিজকছড়া এলাকায় দিয়ে বিজিবির একটি টহল গাড়ি যাচ্ছিল। পাহাড়ি বাঁক ঘোরার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন সদস্য আহত হন। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজ শুরু করেন।
তিনি আরও জানান, আহত সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুরুতর আহত মো: মোয়াজ্জেমকে হেলিকপ্টার যোগে সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি