| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:৩৯:২২:অপরাহ্ন  |  ১১৭৬৪৫০ বার পঠিত
যশোরের নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি: যশোরের নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা মাঠে থাকবে, কোনো ধরনের অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না।

রোববার(৩০ নভেম্বর) যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

দায়িত্ব গ্রহণের প্রথম দিকেই সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা, পুলিশি কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন। বিশেষ করে থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। যা সবসময়ই প্রশংসার যোগ্য। তিনি আরো বলেন, যে কোনো সমস্যা, অভিযোগ বা জরুরি বিষয়ে কেউ যদি থানায় কাউকে না পান, তাহলে সরাসরি আমার নম্বরে কল করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব।

সভায় তিনি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও স্পষ্ট করেন। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা অর্জন করে; কিন্তু মিথ্যাচার বা অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।

এ ছাড়া শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরুর ঘোষণা দেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।

সভায় উপস্থিত সাংবাদিকদের তিনি সহযোগিতা কামনা করে বলেন, অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখলে যশোরকে আরও নিরাপদ করা সম্ভব।

মতবিনিময় সভায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.আর খান মিলনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন, আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতসহ অন্যান্যরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪