ময়মনসিংহ প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখা ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি। রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক কার্যালয়ের সামনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএনএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মাসুদা পারভীন, ছাত্র-ছাত্রীবিষয়ক প্রতিনিধি আবদুল আহাদ খান, সদস্য হায়দার আলী, সদস্য আজিজুল হক ও নার্সিং ইনস্ট্রাক্টর ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, নার্সরা মানবসেবার পেশায় নিয়োজিত, তাই তাদের ন্যায্য ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
কর্মসূচি শেষে বিএনএ নেতারা জানান, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ওই দিন থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করবে ময়মনসিংহ জেলা শাখা।
রিপোর্টার্স২৪/এসসি