যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। আল্লাহ আমাদের সহায় হলে, জনগণের ভালোবাসা পেলে এবং জামায়াতে ইসলামী দেশের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে ইনশাআল্লাহ।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব চরিত্রবান নেতৃত্বের। বিগত সাড়ে ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা প্রায় ২৭ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতে প্রমাণ হয়,বাংলাদেশ গরিব দেশ নয়, বরং সম্পদশালী দেশ। কিন্তু সেই সম্পদ রক্ষায় সৎ মানুষ পাওয়া যায়নি।
২০০১ সালের চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতে ইসলামী পরিচালিত কৃষি, শিল্প ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময় এক টাকাও আত্মসাতের প্রমাণ কেউ দেখাতে পারেনি। তিনি দাবি করেন, ক্ষমতার দায়িত্ব পেলে নৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।
তিনি আরও বলেন, ২০০১ সালে আমাদের ১৮ জন এমপি ছিলেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি।
আসন্ন জাতীয় নির্বাচনে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা আমির ও যশোর-৪ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসূল এবং ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর–১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর–৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, মহেশপুর–কোটচাঁদপুর আসনের প্রার্থী মতিয়ার রহমান ও কালিগঞ্জ আসনের প্রার্থী আবু তালেব।
সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াস উদ্দিন।
রিপোর্টার্স২৪/এসসি