নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক কলোনির অন্তত ২০টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাওঘাট এলাকার এসআরবি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মালিক আব্দুল আজিজের এসআরবি ইটভাটার শ্রমিক কলোনির একটি কক্ষে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে কলোনির ২০টি টিনের ছাপড়া ঘর ও ভেতরের নানা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, সিলিন্ডার গ্যাস লিকেজ থেকেই আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
রিপোর্টার্স২৪/বাবি