কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে কৃষিজমির ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে সালিশ চলাকালে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ শরীফ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেল ৫টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় সালিশ চলাকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের একজন অতর্কিত গুলি করলে শরীফ পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেন।
নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার প্রতিবেশী সাবেকুন নাহারের পোষা ছাগল শরীফের ধান খেয়ে নষ্ট করে। ঘটনার পাঁচ দিন পর মীমাংসার জন্য সালিশ বসে, কিন্তু শুরুতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সাবেকুন নাহারের সঙ্গে থাকা স্থানীয় ডাকাত আব্দুল করিম শরীফকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ পরিবারের।
শরীফের ছেলে শেফায়েত ও স্ত্রী শফিকা বেগম কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ডাকাত আব্দুল করিম আমার স্বামীকে পরপর কয়েকটি গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদ্য দায়িত্ব নেওয়া কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ধানখাওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি