মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে বিজিবি। রবিবার বিকেল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভারতের নদিয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) এবং মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নাজমুল হাসান জানান, বাজিতপুর ক্যাম্পের হাবিলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একদল বিজিবি সদস্য নিয়মিত টহলে ছিলেন।
এ সময় বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নম্বর পিলারের কাছে দুই জনের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছে থাকা ঘাসের বস্তার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন