চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলার আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ট্রাস্টি রুবেল বড়ুয়ার পৃষ্ঠপোষকতায় উক্ত সমবেত প্রার্থনা পরিচালনা করেন কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরো। এ সময় প্রার্থনা করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ আরোগ্য লাভ করে দেশবাসীর মাঝে ফিরে আসুন, যাতে জনগণের সেবা করতে পারেন।
ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যারা মেনে নিতে পারে না, তারাই জিয়া পরিবারের সঙ্গে অন্যায়-অত্যাচার করে যাচ্ছে। তারেক রহমান যতদিন নিরাপদে থাকবেন—যত দূরেই থাকুন—এ দেশ ও এ দেশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে। দেশের স্বার্থে তারেক রহমানকে হয়তো আরও অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হবে। তবুও আমরা আশীর্বাদ করি, তিনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন। আমাদের মা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন—মহামতি গৌতম বুদ্ধের কাছে এ প্রার্থনা করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালসহ কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, তাপস বড়ুয়া, সমর বড়ুয়া, মোহন বড়ুয়া, দিবাকর বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী দীক্ষিত বড়ুয়া, মিথুন বড়ুয়া, সূচয়ন বড়ুয়া, অর্ণব বড়ুয়া মিথুন, দোলন বড়ুয়া, কল্লোল বড়ুয়া, স্বজল বড়ুয়া, পিপলু বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, রোবেল বড়ুয়া, নিউজন বড়ুয়া, রিপন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, পার্থিব বড়ুয়া, রণি বড়ুয়া, মাইকেল রাখাইনসহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’।
রিপোর্টার্স২৪/এসএন