| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘টাকা ছাড়া কারও মূল্য নেই’—চিরকুট লিখে ট্রাকচালকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:৩৯:১৫:পূর্বাহ্ন  |  ১২০০৮৮২ বার পঠিত
‘টাকা ছাড়া কারও মূল্য নেই’—চিরকুট লিখে ট্রাকচালকের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ‘টাকা ছাড়া কারও মূল্য নেই’—এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ঝিনাইদহের এক ট্রাকচালক। চিরকুটটি তিনি লিখেছেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে। এতে আরও লেখা ছিল— “আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না। পারলে আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে টাকা ছাড়া কারও মূল্য নেই। চেয়েছিলাম তোমাকে নিয়ে ভালো থাকতে, কিন্তু পারলাম না। মৌসুমি, পারলে আমার ছেলেকে মানুষ করবে। না পারলে কোনো এতিমখানায় দিও, কিন্তু কখনোই আমার কোনো আপন আত্মীয়ের কাছে দিও না। আমি কিছু ঋণ রেখেছি, তাদের কাছেও ক্ষমা চাইছি। যদি পারেন, আপনারা আমাকে মাফ করে দেবেন।”

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামে। এই গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে আলামিন (৩৫) চিরকুট লিখে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, অভাব–অনটনের কারণেই তিনি এমন পরিণতি বেছে নিয়েছেন।

পেশায় তিনি একজন ট্রাকচালক এবং ৫ বছরের এক পুত্রসন্তানের জনক। গত সাত মাস ধরে তিনি ঝিনাইদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রয়েল ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলামিনের সঙ্গে ফোনে তার স্ত্রীর শেষবার কথা হয়। এরপর থেকে তিনি ফোন না ধরায় উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে ভাড়াবাসায় যান আলামিনের দাদি। সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় আলামিনের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় কক্ষের ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যা তিনি তার স্ত্রীর উদ্দেশে লিখে গেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪