চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিভিন্ন ধরনের ওষুধ এবং এলপিজি গ্যাস বিক্রয়সহ বাজারের একাধিক খাত যাচাই করা হয়। এসময় নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার কারণে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একই আইনের ৫১ ধারায় মেসার্স জননী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। ভোক্তার অধিকার রক্ষায় এমন তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে বলে অধিদপ্তর জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন