কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে খোলা তেল বিক্রির একটি দোকানে অগ্নিকাণ্ডে গফুর আলী (৬০) নামে স্থানীয় এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দোকানের ভেতর হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হতে পারে বলে জানান স্থানীয়রা। দোকানের সামনে রাখা পেট্রোলের বোতলগুলোতে ধরে গেলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়ার আগে বের হতে না পারায় গফুর আলী সেখানেই দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর আশপাশের মানুষ দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছু সময় পর কালিহাতী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দগ্ধ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১০–১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
রিপোর্টার্স২৪/এসএন