চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) চুয়াডাঙ্গা জেলা শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. বিদ্যুৎ কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন, মেডিকেল অফিসার ড. শাপলা খাতুন, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হাসান, সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জহুরুল ইসলাম, সদর হাসপাতালের প্রধান অফিস সহকারী আব্দুস সবুরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া জেলার রেজিস্টার্ড নার্স, নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরাও অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বেলগাছি আসির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্থতার প্রত্যাশা থেকেই নার্সদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দেশের অবস্থা, মানবকল্যাণ এবং গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশিত নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন