নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন মাহিম (১০) নামের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম ও সাদ আহমেদ নামের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার হোসেন মাহিম নুরুল্লাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাদ আহমেদ ও মৃত নিয়াত সরদারের ছেলে আব্দুল হাকিম।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কাওসার হোসেন মাহিম ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কামারহাটি অভিমুখী একটি স্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তাগাড়ি’ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মাহিম, আব্দুল হাকিম ও নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাদ আহমেদ গুরুতর আহত হন।
পরে স্থানীয় মুসল্লি ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মাহিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বাঘা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন