মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। পরে জরুরি ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকের বয়স একদিনের মতো। ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। তিনি শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ক্লিনিকের নার্স লিমা আক্তার বলেন, আমাদের ক্লিনিকের বুয়া বাথরুম পরিষ্কার করতে গেলে একটি নবজাতক বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বাচ্চাটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, নবজাতককে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়। যদি সংক্রমণমুক্ত না হয়, তাহলে আমরা তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করব।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে বাচ্চাটিকে দেখতে আসি এবং তার চিকিৎসার খোঁজখবর নেই। বাচ্চাটি এখনও আশঙ্কামুক্ত নয়, তবে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি শিশুটিকে দত্তক নিতে চান তাহলে যাচাই–বাছাইয়ের মাধ্যমে দত্তক দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন