| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ১১:৩১:৩০:পূর্বাহ্ন  |  ১১৬০৯৯০ বার পঠিত
নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই স্কুলের মাঠ দখল করে শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকার হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা চালু করা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষা ও আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

জানা যায়, শহরের হাট-নওগাঁ আবাসিক এলাকার হাট-নওগাঁ মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ সংসদ স্কুল রয়েছে। মঙ্গলবার মেলা শুরু হলেও দুই সপ্তাহ আগে থেকেই অবকাঠামোগত কাজ করা হচ্ছিল। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। মেলার জন্য টিন দিয়ে অস্থায়ীভাবে মাঠে বেষ্টনি দেওয়া হয়েছে। হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা বন্ধ থাকায় দ্বিতীয় দরজা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষায় সমস্যা হচ্ছে। এছাড়া মাঠে খেলাধুলাও করতে পারছে না তারা।

রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এক মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে। মেলার অনুমতি পেতে গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। মেলায় পোশাক, বিভিন্ন ধরনের খাবার, খেলনাসহ প্রায় ৫০টি স্টল রয়েছে। বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা ও ড্রাগন রাইড রাখা হয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেলা চলছে। প্রবেশের জন্য ২০ টাকার টিকিট চালু করা হয়েছে।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলের গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। পরীক্ষায় মনোযোগ ধরে রাখতে পারছে না তারা। মাঠে খেলাধুলাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সাইদুর রহমান বলেন, বাচ্চাদের এখন পরীক্ষা চলছে। এর মধ্যে স্কুল মাঠে মেলা বসানো ঠিক হয়নি। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। মেলা পুরোদমে শুরু হলে সাউন্ড সিস্টেমের শব্দে এলাকাবাসীকেও ভোগান্তিতে পড়তে হবে। এসব মেলা ফাঁকা জায়গায় হওয়া উচিত।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. নাজমুল হাসান বলেন, মাঠটি স্কুলের। মেলার জন্য কোনো ভাড়া দেওয়া হয়নি। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে প্রবাহ সংসদ ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যরা অনুরোধ করায় মাঠ ব্যবহারের লিখিত অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের সভাপতিকে লিখিত অনুমতি না দিয়ে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, স্কুলের মোট শিক্ষার্থী ৩০০ জন। পরীক্ষা দিচ্ছে ২৭৫ জন। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির পরীক্ষা বৃহস্পতিবার শেষ হবে। ৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষা আগামী রোববার শেষ হবে। মেলার কারণে খুব বেশি প্রভাব পড়েনি। ১৫ ডিসেম্বর স্কুল ছুটি হবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। মেলা এখনো তেমন জমে ওঠেনি। উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। শুরুতে কিছু সমস্যা হলেও এখন তেমন অসুবিধা হচ্ছে না।

রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী রহিদুল ইসলাম বলেন, মেলা চালুর জন্য এখনো অনুমতি পাওয়া যায়নি। আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা শেষ হলে পুরোদমে চালু করা হবে।

নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন, স্কুল মাঠে মেলা চালুর অনুমতি প্রধান শিক্ষক দিতে পারেন না। এ বিষয়ে তাকে কোনোভাবে অবগতও করা হয়নি। জেলা প্রশাসন ও চেম্বারের পক্ষ থেকেও কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলা বিষয়ে একটি আবেদন এসেছে। অনুমোদনের প্রক্রিয়া চলছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মেলার সঙ্গে জেলার পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। যদিও তাদের ব্যানারে পুলিশের নাম লেখা আছে, সেগুলো খুলে ফেলতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪