রাজশাহী প্রতিনিধি: সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়ায় জাতীয় যুবশক্তি রাজশাহীর দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা এবং সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন মহানগর কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভায় উপস্থিত হয়ে ফারাবি ও সোয়াইব সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেন। তারা অভিযোগ করেন, নতুন আহ্বায়ক সাইফুল ইসলাম আওয়ামী লীগের ‘দোসর’ এবং তার পদত্যাগ দাবি করেন।
সংবাদ সম্মেলন চলাকালে সোয়াইব সাংবাদিকদের উদ্দেশে বলেন, এটা যদি এখনই বন্ধ না করেন, আপনাদেরসহ তালা মেরে দেব। এখানেই পায়খানা-প্রস্রাব করতে হবে। ফারাবিও সাংবাদিকদের উদ্দেশে অশালীন ও হুমকিসূচক মন্তব্য করেন।
এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানান। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সাংবাদিক সংগঠনগুলো ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
পরে সংগঠনটি তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে।
রিপোর্টার্স২৪/এসসি