সানজিদা রুমা, নরসিংদী: নরসিংদীর পলাশে বেদে, হরিজন ও বস্তি এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৩০ জন নারীকে নিয়ে সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভা কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর প্রশাসক আবুবক্কর সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাছুম ভূইয়া, পৌর উপ-সহকারী প্রকৌশলী লোকনাথ বর্মন, হিসাবরক্ষক মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মহিলা প্রশিক্ষক সানজিদা আক্তার রুমা, আফজানা প্রমুখ।
পৌর প্রশাসক আবুবক্কর সিদ্দিকী বলেন, ত্রাণ বা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। আমরা চাই, পিছিয়ে পড়া নারীরা সেলাই প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ কারিগর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক এবং পরিবারকে স্বাবলম্বী করে তুলুক।
বক্তারা আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের কর্মজীবনে সম্পৃক্ত করবে এবং পরিবারে আর্থিক অবদান রাখার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে তাদের জীবনমান উন্নত হবে এবং সমাজে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি