| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৭:৩৩:১২:পূর্বাহ্ন  |  ১২০০০০৬ বার পঠিত
নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ার গো-বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (২৭) একই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে এবং স্থানীয় খলিফারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী।

গুলিবিদ্ধ সাদ্দামের বড় ভাই মো. লিটন বলেন, “আমাদের বাড়ির পাশে খলিফারহাট বাজারে আমার ছোট ভাই সাদ্দামের দুটি মোবাইলের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে। এরপর মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে মোটরসাইকেল বারাইপুর গ্রামের লেদু মিয়ার গো-বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তাৎক্ষণিক সে মোটরসাইকেল ফেলে পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা পেছন থেকে তার পিঠে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শরীরে গুলি আটকে থাকায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।”

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই।” অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ এ ঘটনায় অভিযোগ করেনি, তাই জানা নেই। অভিযোগ করলে জানা যাবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪