রিপোর্টার্স ডেস্ক :
মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব রক্ষা, কোয়ারেন্টাইন; ২০১৯ সালের শেষদিক থেকে এসব ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। সেই সময় চীন থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। কোভিড-১৯ এর কবলে পড়ে বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। সেই দুঃসহ সময় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে পৃথিবী।
তবে পাশের দেশ ভারতে আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং সিকিমেও নতুন ভ্যারিয়্যান্টের করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
চিকিৎকরা জানিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং JN.1-এর সাবভ্যারিয়েন্ট LF.7 এবং NB.1.8-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। JN.1 হলো ওমিক্রন BA.2.86-এর সাবভ্যারিয়েন্ট। ২০২৩ সালের আগস্টে প্রথমবার এর দেখা মিলেছিল।
বিশেষজ্ঞরা দাবি করছেন, সময়ের সঙ্গে সঙ্গে টিকার সুরক্ষা বলয় কমতে শুরু করেছে। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে সংক্রমিত হওয়ার। পাশাপাশি মৌসুমি সংক্রমণ, সামাজিক মেলামেশা বৃদ্ধি ও ভ্রমণ; এসবও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এখনই আতঙ্কের কোনো কারণ নেই। তবে সাবধানতা প্রয়োজন। জেনে নিন কোন কোন উপসর্গ দেখে বুঝবেন কোভিডের নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন আপনি।
লক্ষণগুলো হলো
* জ্বর * সর্দি * গলা জ্বালা * মাথা যন্ত্রণা * অতিরিক্ত ক্লান্তি * গাঁটে গাঁটে ব্যথা * পেশিতে ব্যথা * পেটে গ্যাসের সমস্যা
এই লক্ষণগুলো থাকলে আজই সাবধান হোন।
চিকিৎসকদের পরামর্শ
* জনবহুল এলাকায় মাস্ক পরুন। * স্যানিটাইজার ব্যবহার করুন। * বাইরে থেকে ফিরে হাত-পা ধুয়ে নিন। * অবশ্যই পোশাক বদল করে ফেলুন। * প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
রিপোর্টার্স২৪/এস