রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দল তাদের প্রস্তুতি সিরিজ খেলছে। তবে আগের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ব্যস্ত সূচি অনুযায়ী, প্রতিটি দলের ম্যাচ সংখ্যা ভিন্ন।
বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বিশ্বকাপের আগে। যদিও টাইগাররা বিপিএল খেলতে ব্যস্ত থাকবে, আন্তর্জাতিক ম্যাচ অভাবে তারা সরাসরি প্রতিযোগিতায় যোগ দিতে পারবে না। একইভাবে, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ডিসেম্বর-জানুয়ারিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না।
অন্যদিকে, ডিসেম্বর-জানুয়ারিতে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ খেলবে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ও আয়োজক ভারত, ডিসেম্বর-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। দুইটি সিরিজই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে
ইংল্যান্ড: ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে।
ভারত: ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলছে ভারত। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। দুইটি সিরিজই হবে ভারতের মাটিতে।
শ্রীলঙ্কা: আগামী জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। একই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে লঙ্কান সমান তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। ওই সিরিজটিও ঘরের মাঠেই খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
ওয়েস্ট ইন্ডিজ: আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি টি-টোয়েন্টি খেলবেন রভম্যান পাওয়েলরা।
নিউজিল্যান্ড: ২০২৬ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতে।
পাকিস্তান: বিশ্বকাপে যাওয়ার আগে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। বাবর আজম-চারিথ আসালাঙ্কাদের সিরিজটি হবে শ্রীলঙ্কার মাটিতে।
দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে সাউথ আফ্রিকা। সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে। পরবর্তীতে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রোটিয়ারা তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওই সিরিজটি অবশ্য ঘরের মাঠে খেলবেন এইডেন মার্করামরা।
রিপোর্টার্স২৪/ঝুম