রিপোর্টার্স২৪ ডেস্ক: চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বঙ্গভবনের একটি এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে পর এটি হবে তার দেশের বাইরে প্রথম কোনো সফর। চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
এর আগে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, ড. ইউনূসের শাসনামলে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।
ইউনূস সরকার কার্যত তাকে বঙ্গভবনে গৃহবন্দি করে রেখেছিল বলেও জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘আমাকে যেন এই প্রাসাদে গৃহবন্দি করে রাখা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করেন, দেশ স্বাধীনের পর থেকে এই রেওয়াজ চলে আসছে। কিন্তু ড. ইউনূসের সরকার সেই রেওয়াজে প্রতিবন্ধকতা দিয়েছে। আমাকে দুটি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেয়নি।’
তথ্যসূত্র: কালের কণ্ঠ
রিপোর্টার্স২৪/সাইফ