রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক দুটি পোস্টে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নিন্দা জানান।
ছাত্রদল সভাপতি রাকিব তার পোস্টে লিখেন, “ওসমান হাদি গুলিবিদ্ধ। তাকে দ্রুত ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানায়।”
অন্যদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লেখেন, “তফসিল ঘোষণার ঠিক পরদিন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের সুস্পষ্ট ষড়যন্ত্র। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা এখনই নিশ্চিত করা জরুরি।”
তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সবাই তার জন্য দোয়া করবেন।”
এদিকে জানা গেছে, দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
রিপোর্টার্স২৪/আয়েশা