| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে মক্তবের শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২১:৫১:৪৩:অপরাহ্ন  |  ৩১২ বার পঠিত
মোল্লাহাটে মক্তবের শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মাফিজ খন্দকার (২৬) নামে এক মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত মাফিজ খন্দকার উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কম্পাউন্ডের মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে শিশুদের পাঠদান করতেন।

ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করেন, মাফিজ খন্দকার তাঁর ছেলেকে জোরপূর্বক বলাৎকার করেছেন। একইভাবে আরও অনেক শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেন তিনি। এমনকি অভিযুক্ত নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও একই ধরনের অপরাধ করিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ওই নারীর দাবি, তিন দিন আগে তাঁর ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের সময় স্থানীয় লোকজন অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে ঘটনাটি জানাজানি হয়। এদিকে অভিযুক্তের ভাতিজা ও মামাতো ভাই তাঁর দুই ছেলেকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওই মা।

ভুক্তভোগী এক শিশুর চাচা ও অন্য একটি মসজিদের ইমাম হাফেজ বাবুল খন্দকার বলেন, কোনো আলেমের মাধ্যমে এমন জঘন্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। মোল্লাহাটের ইমামদের পক্ষ থেকেও তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার বলেন, শিশু-কিশোররা অভিযুক্ত ইমামকে আটক করার পর তিনি মোবাইল ফোনে তাঁকে কল করে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। খবর পেয়ে মসজিদে গিয়ে তিনি দেখেন, কয়েকজন শিশু-কিশোর অভিযুক্তকে আটকে রেখেছে। পরে তাদের সরিয়ে দেওয়া হলে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেন তিনি। এরপর থেকে তাঁকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।

সাইফুল সরদার আরও বলেন, অভিযুক্তের বিচারের দাবিতে মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযুক্ত ওই বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সচেতন মহল বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪