| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানের নিচে গুলি লেগে গুরুতর হাদি, ঢামেকে নিবিড় পর্যবেক্ষণে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১০:২৫:৩৬:পূর্বাহ্ন  |  ৪০১৭৯৭ বার পঠিত
কানের নিচে গুলি লেগে গুরুতর হাদি, ঢামেকে নিবিড় পর্যবেক্ষণে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেকের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে এখন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি হাদির বাম কানের নিচে বিদ্ধ হয়ে শরীর ভেদ করে বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই হামলাকারী কাছ থেকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

প্রাথমিক তথ্যে জানা যায়, বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময়ই হামলার ঘটনা ঘটে। জুমার নামাজের পর মসজিদে লিফলেট বিলি কর্মসূচি শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে দলের কর্মীদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল তার। এর মধ্যেই সহকর্মীরা হামলার খবর পান।

ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, “যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”

এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টির বেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তিনি। এক পোস্টে অভিযোগ করেছিলেন তাকে হত্যা, তার বাড়িতে আগুন, এমনকি তার পরিবারকে নিয়ে নানান ভয়াবহ হুমকি দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪