স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে এবং একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বলেন, হাদি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা এখনও সংকটাপন্ন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন লাগবে না। মেডিকেল বোর্ডই বিস্তারিত জানাবেন।”
হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তাসনিম জারা বলেন, “জুলাইয়ের সম্মুখসারির যারা ছিলেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আজকের ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি—এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরই জবাবদিহি করতে হবে।”
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি