| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে ঘোষণা করলো, সব দল ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করবে

জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:১৪:৩৪:পূর্বাহ্ন  |  ১০১০৮০১ বার পঠিত
জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ; এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমরা এই আক্রমণ ও ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। কোনো ধরনের অপশক্তি আমরা বরদাস্ত করব না। রাজনৈতিক বিরোধ থাকলেও জাতির স্বার্থে এবং জুলাই অভ্যুত্থানের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ছোট দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানানো হয়েছে। জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা আর দেব না। সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে।

এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু পক্ষ এটি খাটো করার জন্য বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। মিডিয়া ও প্রশাসনের মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় অভ্যুত্থানকারীরা অপরাধ করেছে। আমরা একসঙ্গে শক্তিশালীভাবে এটি প্রতিহত করব।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে ঐক্য না থাকলে কোনো নিরাপত্তাই কাজে আসবে না। রাজনৈতিক স্বার্থে দলের মধ্যে বিভাজন আওয়ামী লীগের সুযোগ তৈরি করছে। তাই আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান উপদেষ্টা সভায় সব পক্ষকে সতর্ক করেছেন, শুধু সরকার নয়, সকলকে শক্ত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। নির্বাচনের সময় উত্তেজনা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই ক্ষমতাসীন দল আরও শক্তিশালী হয়েছে। তিনি নেতাদের জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪