নাটোর প্রতিনিধি: শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভিযোগ করেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শেখ হাসিনার নির্দেশে ওসমান হাদীকে হত্যা করার জন্য গুলি চালানোর ঘটনা ঘটানো হয়েছে।
দুলু বলেন, “জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে না পারে, সেই উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।”
সমাবেশে তিনি আরও জানান, পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই সকলকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নাটোর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, যুবদল সভাপতি এ এইচ তালুকদার ডালিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।
রিপোর্টার্স২৪/আয়েশা