স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো দুর্বৃত্তরা ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যুক্ত হয়েছিল এমন দাবি করেছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য।
ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে একজন ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। তার দাবি, এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কয়েকদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যুক্ত হয়।
এদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। ওই ছবিতে ওসমান হাদিসহ আরও কয়েকজনকে দেখা যায়। জুমা ছবিতে তিনজনকে চিহ্নিত করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।
ফেসবুকে দেওয়া পোস্টে জুমা বলেন, এই তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দেবে, তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাইছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। বেলা ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি