রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ ষড়যন্ত্রের ছোট্ট অংশ মাত্র।
শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, হাদি আমার সন্তানতুল্য। হামলার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছি। এ আঘাত হাদির ওপর নয়, বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার ওপর। তিনি কালো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে আক্রমণাত্মক স্লোগান দানকারীরা একটি বিশেষ দলের নেতা-কর্মী। তবে তার নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিলেন। মির্জা আব্বাস বলেন, আমরা চাই আসল ঘটনা প্রকাশ হোক এবং বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক।
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে শেষ হয়।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
রিপোর্টার্স২৪/ঝুম