| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ রিজভীর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৫:৫৭:৪৮:অপরাহ্ন  |  ১০২৫৪৮৩ বার পঠিত
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ রিজভীর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যে ‘অনিচ্ছাকৃত ভুল’ মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। একই সঙ্গে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্য সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে জানা যায়, এ দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন ও এআই জেনারেটেড।

তিনি বলেন, ফ্যাক্ট চেক না করে এসব বিষয় উল্লেখ করে শনিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত একটি সভায় বক্তব্য প্রদান করা হয়। এ অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

এদিকে রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বিষয়টি ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি শুনেছি বোগাস কথাবার্তা। ‘ভুয়া’ আমি এমন কোনো বক্তব্য দিইনি। ইতোমধ্যে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে। এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করা হয়েছে, সেটি দেখেই ডিএমপি কমিশনারের বরাতে বোগাস তথ্য ছড়ানো হয়েছে।

অন্যদিকে ডাকসুর ভিপির সঙ্গে চা খাওয়ার বিষয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সাদিক কায়েম। সেখানে তিনি বিএনপি ও রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পোস্টে সাদিক কায়েম লেখেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে তাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়।

তিনি আরও লেখেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস দিয়ে জনগণের কাছে যাচ্ছেন, তারা যখন কোনো সংকটে সত্য যাচাই না করে আওয়ামী লীগনির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম উল্লেখ করেন, শনিবার বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবিনির্ভর যে মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে শুটারের সঙ্গে একই টেবিলে চা খাওয়ার দাবিসহ সে বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিএনপি ও ব্যক্তি রিজভীর অপতথ্য ছড়ানোর দায় থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪