স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম। এ দুটি দিন ত্যাগ, সংগ্রাম ও গৌরবের চিরন্তন প্রতীক।
বিবৃতিতে জামায়াত আমির দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৪ ও ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থবহ দিন। এই দিনগুলো আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের অনন্য স্মারক হিসেবে জাতির চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে।
তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের সঙ্গে আলোচনা সভা, সমাবেশ ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে দিবস দুটি পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশবাসীকে মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
জামায়াত আমির গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের জন্যও দোয়া করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, জাতি এমন এক সন্ধিক্ষণে এই দিবসগুলো পালন করছে, যখন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ একটি ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে চলা দুঃশাসন, নিপীড়ন, গুম ও নির্যাতনের পর মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রত্যাশা করছে।
ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের দেশি ও বিদেশি দোসররা এখনো নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা এর একটি জ্বলন্ত উদাহরণ।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আরেকটি আলোচনা সভা আয়োজন করা হবে। এছাড়া মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সকাল ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইয়ুথ ম্যারাথন’ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি