আন্তর্জাতিক ডেস্ক: তাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি ভেস্তে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) তাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইক জানান, সীমান্তে তাইল্যান্ড সেনা তাদের অভিযান অব্যাহত রাখবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শনিবার সন্ধ্যার মধ্যে দুই দেশের সংঘর্ষবিরতিতে পৌঁছানোর আশা প্রকাশ করেছিলেন। তবে বৈঠকেও কোনও চূড়ান্ত সমাধান বের হয়নি।
গত ২৬ অক্টোবর মালয়েশিয়ার মাটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের রাষ্ট্রপ্রধান স্থায়ী সংঘর্ষবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই সেনার গুরুতর আহত হওয়ার পর ১০ নভেম্বর থেকে তাইল্যান্ড চুক্তি স্থগিত করে এবং নতুন করে সীমান্তে সামরিক অভিযান শুরু করে।
সংঘর্ষে ইতিমধ্যেই দু’তরফের সেনা ও অসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। নতুন সংঘর্ষে শান্তি আনার জন্য মালয়েশিয়ার মধ্যস্থতাতেও বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি।
সীমান্তবর্তী ‘পান্না ত্রিভুজ’ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ১৯৬২ সালের আন্তর্জাতিক আদালতের রায়ে ওই ভূখণ্ডের অধিকাংশই কম্বোডিয়ার পক্ষেই গিয়েছিল। চলতি বছরের মে মাসে কম্বোডিয়া সেখানে শিবির ও পরিখা নির্মাণ শুরু করলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। জুলাই মাসে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী। অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি চুক্তি সই হলেও তা এখন শুধুই খাতায়-কলমে রয়ে গেছে।
আনন্দবাজার/রিপোর্টার্স২৪/এসসি