| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন, আদালত ঘেরাওয়ের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ২২:৪১:০১:অপরাহ্ন  |  ৫২০ বার পঠিত
কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন, আদালত ঘেরাওয়ের ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালত ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কুষ্টিয়া প্রেসক্লাব।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।গ্রেপ্তার দুজন হলেন— কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচা আমিরুল ইসলাম (৫৫) এবং কথিত পিএস মারুফ হোসেন (৩৫)।এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে জেলহাজতে না পাঠিয়ে জামিন দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদালত ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কুষ্টিয়া প্রেসক্লাব। কর্মসূচিতে জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন  বলেন, সাংবাদিক উল্লাসকে যেভাবে মারধর করা হয়েছে, তাতে তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার বিষয়টি যথাযথভাবে আমলে না নিয়ে আসামিদের জামিন দেওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে আদালত ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা যত ক্ষমতাশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাস।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪