| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় যমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ২১:২০:৩৫:অপরাহ্ন  |  ৫৩৩ বার পঠিত
মেঘনায় যমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয় অপর শিক্ষার্থী আবিরের মরদেহ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়তেন।

পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রোববার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান শুরু হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে অপর শিক্ষার্থীর মরদেহও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪