সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুধু এসি রুমের ভেতরে বসে কাজ হবে না, জনগণের কাছে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি এ সময় বলেন, পরিকল্পনা কার্যকর করতে জনসমর্থন অপরিহার্য, আর শক্তিশালী ম্যান্ডেটের ভিত্তিতে সরকারকে এগোতে হবে।
রোববার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, যারা সরকার গঠন করবে, তাদের প্রথমে নিশ্চিত করতে হবে আইনের শাসন ও মানুষের নিরাপত্তা, এবং তা বাস্তবায়নের জন্য সর্বশক্তি প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকার যানজট প্রতিদিন জাতীয় উৎপাদন ও সময় নষ্ট করছে। শহরে চলাচলের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, পর্যাপ্ত পানি সরবরাহ ও ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা আগামী সরকারের প্রধান দায়িত্ব হবে।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, বিএনপি উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।
রিপোর্টার্স২৪/বাবি