রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১০ প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তাঁরা হাইকোর্ট মোড় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে আসা আন্দোলনকারীরা শিক্ষাভবনের পাশের এলাকায় অবস্থান করছেন।
ডাকসুর প্রতিনিধি দলে রয়েছেন ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং সদস্য তাজিনুর রহমান ও মিফতাহুল মারুফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার আগে ভিপি সাদিক কায়েম বলেন, ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি প্রশ্ন রাখেন, সরকার আর কত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করবে?
তিনি আরও বলেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। পরে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে দুপুর ১টার দিকে ডাকসুর সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের লক্ষ্যে পদযাত্রা শুরু করেন ছাত্রনেতারা। মিছিলটি টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবন মোড়ে পৌঁছায়। এ সময় দু’দফা বাধা দেওয়া হলেও পুলিশ মিছিলটি আটকাতে পারেনি।
রিপোর্টার্স২৪/এসসি