রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে বলেছেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর বিজয়ে শেষ হয়। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এ বিজয় অর্জন করেন। তাই ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক দিন।’
তারেক রহমান সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, ‘৯ মাসব্যাপী স্বাধীনতাযুদ্ধের পর জাতি ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে এবং বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিদেশি শৃঙ্খল থেকে মুক্ত করতে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের সশ্রদ্ধ সালাম।’
তিনি আরও বলেন,‘শোষণমুক্ত ও সামাজিক ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক নীতির ওপর বাংলাদেশের ভিত্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু অমানবিক ফ্যাসিস্ট গোষ্ঠী বারবার এই প্রত্যয়কে ধ্বংস করে, জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দেয় এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা থামায়।’
তারেক রহমানের মতে,‘আজও স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায় আগ্রাসী শক্তি। তাদের দেশীয় এজেন্টরা একের পর এক প্রহসনমূলক নির্বাচন আয়োজন করে এবং নাগরিক স্বাধীনতা সীমিত করে। গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার শাসন, ভয় ও নৈরাজ্য বাড়িয়ে দেয়।’
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন,‘ফ্যাসিস্টদের হাত থেকে মাতৃভূমির স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে ২৪ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ইতিহাসের এক নিষ্ঠুরতম একনায়কের পতন ঘটায়। এটি আবার স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের আশা জাগিয়েছে।’
তারেক রহমান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে একত্রিত হয়ে বিভাজন ও হিংসা ভুলে মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন,‘নির্বিঘ্নে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমুখী জবাবদিহিমূলক সরকার গঠন নিশ্চিত করতে হবে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আল্লাহ্ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’
রিপোর্টার্স২৪/এসসি