সাভার প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশে সার্বিকভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তার দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে কোনোভাবেই ‘পাতানো’ বা প্রশ্নবিদ্ধ নির্বাচনে তারা যাবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড এবং যাদের নিয়ে তিনি ওঠাবসা করছেন, তারাই পুরো বাংলাদেশ নয়। তারা দেশের মোট জনগোষ্ঠীর হয়তো ২৫ শতাংশও প্রতিনিধিত্ব করে না।
তিনি আরও বলেন, স্বাধীনতা যে লক্ষ্য ও মর্যাদার জন্য অর্জিত হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ দেশের মানুষ নির্বাচন চায়, একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। ভালো নির্বাচন না হওয়ার কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে তার সরকারের এভাবে নির্মম পতন ঘটত না।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি