| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের ওপর ভরসা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: নাহিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৮:৩৬:৪১:পূর্বাহ্ন  |  ৩৮৯১৮৭ বার পঠিত
সরকারের ওপর ভরসা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: নাহিদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। সে জন্য জনগণের মধ্যে শক্ত সংগঠন গড়ে তুলতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না তখনও আমরা নিজেরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। বাংলাদেশ আবারও সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার ও পুলিশের ওপর নির্ভর করে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। তাই সবাইকে সচেতন থাকতে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সামনের নির্বাচন আসলে একটি গণভোট। এই নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে এমন প্রত্যাশা আমাদের। এনসিপির এমপি পদপ্রার্থীরা সংস্কারের পক্ষে “হ্যাঁ”-এর বার্তা নিয়ে শাপলা কলি প্রতীক হাতে জনগণের দ্বারে দ্বারে যাবেন। আমরা বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে নিতে চাই। কোনোভাবেই দেশকে ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে দেব না।

বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই ভূখণ্ডের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিল। স্বাধীনতার জন্য, মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য এ দেশের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের তরুণ, কৃষক ও সাধারণ মানুষ ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, আমরা শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি, স্মরণ করি আমাদের বীরাঙ্গনাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে দেশ গড়া হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়নি; বরং ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। এরই বিরুদ্ধে ২০২৪ সালে গণঅভ্যুত্থান ও গণবিপ্লব সংগঠিত হয়েছে। আমরা মনে করি, ৪৭ থেকে ৭১ এবং ৭১ থেকে ২৪ এই ঐতিহাসিক লড়াইয়ের উত্তরসূরি আমরা।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের বার্তা হলো পতিত ও ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চালাচ্ছে। অথচ মানুষ চায় স্থিতিশীলতা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। সরকারকে আমরা বারবার বলেছি ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গুলি চালানোদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪