| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে মোস্তাফিজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৪:৩৫:৫৮:অপরাহ্ন  |  ১০০৩৭৫১ বার পঠিত
৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে মোস্তাফিজ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামে একের পর এক বড় নাম দলে ভিড়িয়ে চমক দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্যামেরান গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ত্রিমুখী লড়াই শেষে তাকে দলে ভেড়ায় কেকেআর। বাংলাদেশি এই পেসারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৬ লাখ টাকা।

নিলামের শুরুতেই মোস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ডেথ ওভারের জন্য একজন কার্যকর পেসারের খোঁজে থাকা চেন্নাই সুপার কিংসও নিলামে সক্রিয় ছিল। দু’দলের পাল্টাপাল্টি দর হাঁকায় মোস্তাফিজের দাম দ্রুত ৫ কোটি রুপিতে পৌঁছে যায়। এ পর্যায়ে দিল্লি সরে দাঁড়ালেও চেন্নাই ৫ কোটি ৪০ লাখ রুপিতে প্রায় নিশ্চিতভাবেই তাকে পেয়ে যাচ্ছিল।

ঠিক তখনই নিলামে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। নতুন করে শুরু হয় দর বাড়ানোর লড়াই। চেন্নাই এক লাফে দর তোলে ৭ কোটি রুপিতে। এরপরও থামেনি কেকেআর। শেষ পর্যন্ত চেন্নাই ৯ কোটি রুপিতে প্যাডল তুললেও, কেকেআর আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ৯ কোটি ২০ লাখ রুপির চূড়ান্ত দর দেয়। বাজেট সীমাবদ্ধতার কারণে এরপর আর দর বাড়ায়নি চেন্নাই। ফলে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন মোস্তাফিজুর রহমান। প্রথম মৌসুমেই দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরবর্তী সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের বিভিন্ন মৌসুমে খেলেছেন এই বাঁহাতি পেসার।

গত মৌসুমেও শেষ মুহূর্তে ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে এবারের নিলামে তার পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে দাম উঠেছে বহুগুণ বেশি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪